Apan Desh | আপন দেশ

রোনালদোর অনন্য কীর্তি, আল-নাসরের জয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

রোনালদোর অনন্য কীর্তি, আল-নাসরের জয়

ক্রিস্টিয়ানো রোনালদো

বুড়ো বয়সে ভেলকি দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে জোড়া গোল করার মধ্য দিয়ে বয়স ত্রিশ ছোঁয়ার পর ৫০০ গোল করার অনন্য রেকর্ড গড়েছেন এ পর্তুগিজ মহাতারকা। বর্তমানে তার গোল সংখ্যা ৯৬৪। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে আল-হাজমকে ৪-০ গোলে হারিয়েছে আল-নাসর। এ জয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াদের ক্লাবটি।

এদিন খেলা শুরুর ত্রয়োদশতম মিনিটে গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। কিংসলে কোমানের পাস থেকে বা পায়ের শটে বল জালে পাঠান। ৩০ বছর বয়স পার হওয়ার পর প্রথম ফুটবলার হিসেবে ৫০০ গোল করলেন রোনালদো।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

৩০ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে আল-নাসরের হয়ে দ্বিতীয় গোল করেন কোমান। প্রথমার্ধের শেষের দিকে রোনালদোর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৭৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে দারুণ গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। 

দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। কোমানের পাস থেকে বাম দিকের পেনাল্টি এরিয়ায় ঢুকে জোরাল শটে বল জালে পাঠান। সবমিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৬৪তে।

সৌদি লিগে আল-নাসরের এটি টানা অষ্টম জয়। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। রাতের অপর ম্যাচে আল-ইত্তিহাদের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-হিলাল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়