ব্রাজিলের ফুটবলার ক্যাথলিন সুজা
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন তিনি। সৌদি আরবে দুই বছর খেলার অভিজ্ঞতার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানিয়েছেন ২৯ বছরের এ ডিফেন্ডার।
সৌদি আরনবের এ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে নীরব ধ্যান ও গভীর আবেগে মগ্ন দেখা যায়।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ক্যাথলিন বলেন, ছোট ছোট পদক্ষেপে সঠিক পথ খুঁজছি, পরিবর্তন চাইছি, জীবনের উপহারকে মূল্য দিচ্ছি।
আবেগাপ্লুত এ ব্রাজিলিয়ান ফুটবলার আরও বলেন, আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের সেরা সংস্করণ হতে চেয়েছি—এটাই।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের হয়ে খেলছেন ক্যাথলিন। ক্লাবটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও তার ইসলাম গ্রহণের বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, ক্যাথলিন সুজার জীবনের বিশেষ মুহূর্তটি আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাকে স্থিতি দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে দিন।
আরও পড়ুন<<>>আফঈদা-ঋতুপর্ণাদের শুভকামনা অস্ট্রেলিয়ান হাইকমিশনের
সম্প্রতি ওমরাহ পালনের জন্য মক্কায় যান ক্যাথলিন। সেখানে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে একই বার্তা পুনর্ব্যক্ত করেন তিনি। লেখেন, সঠিক পথের সন্ধান, পরিবর্তনের খোঁজ, জীবনের জন্য কৃতজ্ঞতা।
আল নাসর নারী দলে যোগ দেয়ার পর থেকেই দারুণ ছন্দে আছেন ক্যাথেলেন। চলতি মৌসুমে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। ক্লাবের রক্ষণভাগে তার দৃঢ় উপস্থিতি আল-নাসরের সাফল্যে বড় ভূমিকা রাখছে।
সাও পাওলো অঙ্গরাজ্যের সাও ভিসেন্তে জন্ম নেয়া ক্যাথলিন সুজা ছোটবেলা থেকেই ফুটবলে যুক্ত। ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করা তিনি যুক্তরাষ্ট্রে কলেজ ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস-এ কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।
২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন সুজা। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন এবং পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।
ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন নিয়ে ক্যাথেলেনের এ ঘোষণা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলের মাঠে যেমন তিনি দৃঢ়তা দেখিয়েছেন, ব্যক্তিজীবনের এ সিদ্ধান্তেও তেমনই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ব্রাজিলের এ ফুটবলার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































