Apan Desh | আপন দেশ

ক্লাব বিশ্বকাপ 

পিএসজির কাছে পাত্তাই পেল না অ্যাতলেতিকো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ১৬ জুন ২০২৫

পিএসজির কাছে পাত্তাই পেল না অ্যাতলেতিকো

বড় জয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সদ্য ইউরোপের চ্যাম্পিয়নরা। গত মাসে ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জিতে নিয়েছে ফরাসি ক্লাবটি।

রোববার (১৫ জুন) লস অ্যাঞ্জেলসের রোজ বোল স্টেডিয়ামে খেলা শুরুর ১৯তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের দূর থেকে নেয়া জোরালো শটে গোলের দেখা পায় প্যারিস ক্লাব। পিএসজি হাফটাইমের আগে ব্যবধান দ্বিগুণ করে। আতোঁয়া গ্রিয়েজমানের ভুলে কাউন্টার অ্যাটাক থেকে ভিতিনহা জাল কাঁপান।

লা লিগা ক্লাব একটি গোল শোধ দিয়েছিল। ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজ জালে বল জড়ালেও গোল হয়নি। ভিএআর রিভিউতে দেখা গেছে, গোল বিল্ডআপের সময় দেসির দুয়েকে ফাউল করেছিলেন কোকে।

অ্যাতলেতিকোর দুঃস্বপ্ন কাটেনি। তাদের ডিফেন্ডার ক্লেমন্ত লংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। আলেক্সান্দার সোরলোথ সহজ একটি সুযোগ নষ্ট করেন গোলবারের ওপর দিয়ে বল মেরে।

বদলি নেমে সেনি মায়ুলু ৮৭ মিনিটে পিএসজির তৃতীয় গোল করেন। অ্যাতলেতিকোর ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়। স্টপেজ টাইমে পেনাল্টি থেকে লিং কাং স্কোর ৪-০ করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে রোজ বোলে মুখোমুখি হবে পিএসজি। অ্যাতলেতিকো খেলতে যাবে সিয়াটলের উত্তরে, তাদের প্রতিপক্ষ এমএলএস দল সিয়াটল সাউন্ডার্স এফসি।

পিএসজি এদিন দলে পায়নি ব্যালন ডি’অরের দৌড়ে ফেভারিট উসমান দেম্বেলে। এ মাসের শুরুতে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে চোট পান ফ্রান্স ফরোয়ার্ড। কিন্তু ম্যাচে তাকে বড্ড প্রয়োজন ছিল। বল ৭৪ শতাংশ দখলে রাখলেও মাদ্রিদ ক্লাবের একটি বিপরীতে ১১ শট লক্ষ্যে রেখেছিল পিএসজি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়