লেবানন ম্যাচের আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতার থেকে এক ভিডিও বার্তায় বলেছিলেন, লেবাননের বিপক্ষে তিন পয়েন্ট পেতেও পারে বাংলাদেশ। যদিও দুই দলের র্যাঙ্কিংয়ের ব্যবধান ৬৪ (বাংলাদেশ ১৮৪, লেবানন ১২০)। এরপরও গত এক বছরে এটি লেবাননের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় দেখা বলে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা হয়েছিল জামাল-মোরছালিনদের। তারপরও শেষ সাক্ষাতে ঢাকায় দুই দলের ম্যাচটা শেষ হয়েছিল ১-১ সমতায়। সে কারণেই কিনা ম্যাচের আগে আত্মবিশ্বাস দেখাতে পেরেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। লেবানন অধিনায়ক হাসান মাসতুকের হ্যাটট্রিকে ৪-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছেন জামাল ভূঁইয়ারা। গ্রুপ পর্বের ছয় ম্যাচে বাংলাদেশের নামের পাশে কেবল ১ পয়েন্ট। এ ৬ ম্যাচে ২০ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে কেবল একবার বল জড়াতে পেরেছে বাংলাদেশ।
গতকালের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে ছিলেন না জামাল ভূঁইয়া। গতকাল সোহেল রানা জুনিয়রের পরিবর্তে একাদশে ফেরেন তিনি। এছাড়া রক্ষণভাগে মেহেদি মিঠুর জায়গায় শুরু থেকে খেলেন শাকিল। অস্ট্রেলিয়া ম্যাচের মতো এ ম্যাচেও ৫ ডিফেন্ডার খেলিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবু লেবাননের আক্রমণ ঠেকানো যায়নি।
ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে লেবাননকে এগিয়ে দেন মাসতুক। ১৩ মিনিটে মিতুল মারমার দারুণ প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করতে পারেননি ওমর চাবান। এর চার মিনিট পর প্রথমবার আক্রমণে ওঠে বাংলাদেশ। কিন্তু রাকিব হোসেনের দারুণ শট ঠেকিয়ে দেন লেবানন গোলকিপার মোস্তফা মাতার।
৩৩ মিনিটে আরেকদফা বাংলাদেশের ত্রাণকর্তা রূপে হাজির হন মিতুল। ডি বক্সের ভেতর থেকে নেয়া কাশেম জেইনের সাইড ভলি দারুণ দক্ষতায় ঠেকান তিনি। বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল পেয়ে যায় লেবানন। হেড থেকে স্কোরলাইন দ্বিগুণ করেন নাদের মাতার।
দ্বিতীয়ার্ধেও সমান দুটি গোল করেছে লেবানন। ম্যাচের ৪৯ মিনিটে বাংলাদেশের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন মাসতুক। এর ১১ মিনিট পর হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি মাসতুকের বিদায়ী ম্যাচ। ১৮ বছরের ক্যারিয়ারের শেষটা দারুণ এক হ্যাটট্রিকে রাঙালেন মাসতুক।
‘আই’ গ্রুপে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দুই নম্বরে থাকা ফিলিস্তিনের পয়েন্ট ৮। গতকাল জয় পাওয়া লেবানন ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ।
গ্রুপের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উঠে গেছে। অন্যদিকে লেবানন ও বাংলাদেশ ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে পারবে। এটি আগামী বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































