ছবি: সংগৃহীত
নতুন প্রজন্মের এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। আপাতত সীমিত পরিসরে মডেলটি ব্যবহার করা যাচ্ছে।
এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, জটিল কাজ, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে জেমিনি ৪ আর্গন উন্নত সক্ষমতা দেখাচ্ছে। গুগলের বিভিন্ন দল ইতোমধ্যে কোডিং ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের কাজেও মডেলটি ব্যবহার করছে।
একসঙ্গে ১০ লাখ টোকেন
জেমিনি ৪ আর্গনের আউটপুট সীমা ১০ লাখ টোকেন। এর ফলে দীর্ঘ ও জটিল কাজের ক্ষেত্রে মডেলটি বড় পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারবে।
বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষায়ও আর্গনের পারফরম্যান্স তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। ‘ভ্যালস’ নামের একটি নলেজ-ওয়ার্ক বেঞ্চমার্কে জেমিনি ৪ আর্গন ৬৮ দশমিক ৯ শতাংশ স্কোর করেছে।
একই পরীক্ষায় জিপিটি-৬ অ্যাস্ট্রা পেয়েছে ৬৩ দশমিক ১ শতাংশ এবং ক্লড ফেবল ৫ দশমিক ১ পেয়েছে ৬৫ দশমিক ৮ শতাংশ।
কোডিং পরীক্ষাতেও আর্গন ভালো ফল করেছে। ‘ভাইব কোড বেঞ্চ’-এ মডেলটির স্কোর ৯১ দশমিক ৯ শতাংশ। তবে সব পরীক্ষায় এটি এগিয়ে নেই। কিছু পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী মডেলগুলো তুলনামূলক ভালো ফল করেছে।
সাইবার নিরাপত্তায় বিশেষ সক্ষমতা
জেমিনি ৪ আর্গনকে সাইবার নিরাপত্তার কাজের জন্যও প্রশিক্ষণ দেয়া হয়েছে।
গুগলের দাবি, মডেলটি স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের গুরুত্বপূর্ণ দুর্বলতা শনাক্ত, যাচাই এবং সমাধান করতে পারে।
গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ ‘স্ক্যান ফর গুড’ উদ্যোগে আর্গন ব্যবহার করছে। প্রাথমিক পরীক্ষায় মডেলটি হাসপাতালগুলোতে ব্যবহৃত স্বাস্থ্যসেবা সফটওয়্যারে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হওয়ার ঝুঁকি তৈরি করা একটি গুরুতর দুর্বলতা শনাক্ত করেছে বলে জানিয়েছে উইজ।
আপাতত সীমিত ব্যবহার
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে জেমিনি ৪ আর্গন এখনই সবার জন্য উন্মুক্ত করছে না গুগল। প্রাথমিকভাবে মার্কিন সরকার এবং গুগলের ‘ফেয়ারউইন্ড’ কর্মসূচির আওতায় নির্বাচিত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মডেলটি ব্যবহার করতে পারবেন।
পরে পরীক্ষকদের মতামত ও নিরাপত্তা যাচাইয়ের পর অর্থ পরিশোধকারী এপিআই গ্রাহক এবং গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য এর ব্যবহার বাড়ানো হবে।
গুগল জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ১০ ডলার খরচ হবে। পরে এ দাম যথাক্রমে ৪ ডলার ও ২০ ডলারে উন্নীত হবে। ক্যাশড ইনপুট টোকেনের ক্ষেত্রে ৯৫ শতাংশ ছাড় থাকবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































