Apan Desh | আপন দেশ

ফিফা আসিয়ান কাপ

হামজা-জামালদের মালয়েশিয়া ‘পরীক্ষা’ আজ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হামজা-জামালদের মালয়েশিয়া ‘পরীক্ষা’ আজ

ছবি: বাফুফে

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী দিনেই মাঠে নামছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এ ম্যাচে লাল সবুজ দলের প্রতিপক্ষ মালয়েশিয়া। 

ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর মালয়েশিয়া রয়েছে ১৩৬ নম্বরে! গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে মালয়েশিয়া। তবে এই টুর্নামেন্টে শুধু আঞ্চলিক মর্যাদার লড়াই নয়, প্রতিটি ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ফিফা র‍্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টও। 

ফলে কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে এগিয়ে প্রতিপক্ষই। শুধু মালয়েশিয়া নয়, ‘এ’ গ্রুপের বাকি দুই দলও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে। সিঙ্গাপুরের অবস্থান ১৪৮ এবং স্বাগতিক ইন্দোনেশিয়া ১১৮ নম্বরে। গ্রুপের তিন প্রতিপক্ষের সঙ্গেই বাংলাদেশের ব্যবধান রয়েছে। কিন্তু সে ব্যবধানকে মাঠে নিজেদের সীমা হিসেবে দেখতে রাজি নন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ফিফাকে দেয়া সাক্ষাৎকারে জামাল বলেছেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না।

জামালের কথায় তাই বাস্তবতার সঙ্গে স্বপ্নেরও মিশেল আছে। তিনি জানেন বাংলাদেশের অবস্থান কোথায়, প্রতিপক্ষরা কতটা শক্তিশালী-তবু লক্ষ্যটা শুধু অংশগ্রহণে আটকে নেই। তিন ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার হিসাব কষেই মাঠে নামছে দল।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

আর বাংলাদেশের এ নতুন অভিযানে বাড়তি আগ্রহের নাম হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে মাঠে নামার আগে তার কণ্ঠেও ছিল বড় মঞ্চে সুযোগ পাওয়ার রোমাঞ্চ। র‍্যাংকিয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগটিকে তিনি দেখছেন নিজেদের পরীক্ষা করার মঞ্চ হিসেবে।

হামজা বলেছেন, আমরা খুবই রোমাঞ্চিত এবং এ টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের চেয়ে র‍্যাংকিং৥য়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেয়া।

এ লক্ষ্য পূরণের প্রথম ধাপ মালয়েশিয়া। এরপর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও দুটি ম্যাচ। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ০১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল।

আসিয়ান কাপের কাঠামোতেও বাংলাদেশের সামনে রয়েছে বড় সুযোগ। ‘ডিভিশন ১’-এর ‘এ’ গ্রুপে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলছে অতিথি বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে উঠবে। আর দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

আজকের ম্যাচটি শুধু একটি অভিষেক ম্যাচ নয়; এটি বাংলাদেশের জন্য পরের কয়েকটি ম্যাচের পথও তৈরি করবে। প্রথম ম্যাচে ভালো ফল আত্মবিশ্বাস বাড়াতে পারে, আবার কঠিন শুরু পুরো অভিযানের চাপও বাড়িয়ে দিতে পারে।

টুর্নামেন্টের ‘ডিভিশন ১’-এর ম্যাচগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও বান্দুংয়ে। আর ‘ডিভিশন ২’-এর ম্যাচের আয়োজক হংকং। বাংলাদেশের জন্য অবশ্য এসব হিসাবের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ জাকার্তার মাঠ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়