Apan Desh | আপন দেশ

ইউটিউবে যুক্ত হচ্ছে যে সুবিধা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৭, ২৮ জুন ২০২৬

ইউটিউবে যুক্ত হচ্ছে যে সুবিধা

ছবি : সংগৃহীত

ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতে একাধিক নতুন ফিচার আনছে ইউটিউব। নতুন হালনাগাদের মাধ্যমে শর্টস ভিডিও দুই গুণ গতিতে দেখার সুযোগ মিলবে। একই সঙ্গে ডিসলাইক বাটনের পরিবর্তে যুক্ত হবে হার্ট রিঅ্যাকশন এবং ভিডিও দেখার সময় পর্দা পরিচ্ছন্ন রাখতে আসছে নতুন ‘ক্লিয়ার স্ক্রিন’ মোড।

এক ঘোষণায় এসব পরিবর্তনের কথা জানিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি।

ইউটিউবের ভাষ্য, ভিডিও দ্রুত দেখার সুবিধা ব্যবহারকারীদের অল্প সময়ে বেশি তথ্য জানতে সহায়তা করবে। পাশাপাশি দীর্ঘ ভিডিওর মতো শর্টসের নির্দিষ্ট অংশ দ্রুত খুঁজে বের করাও সহজ হবে।

নতুন আপডেটের অংশ হিসেবে শর্টস থেকে পুরোপুরি সরিয়ে দেয়া হচ্ছে ডিসলাইক বাটন। ফলে কোনো ভিডিও অপছন্দ হলে ব্যবহারকারীদের ‘নট ইন্টারেস্টেট’ অথবা ‘ডু নট রিকোমেন্ড দিস চ্যানেল’ অপশন ব্যবহার করতে হবে। এর মাধ্যমে নির্দিষ্ট ধরনের ভিডিও বা কোনো চ্যানেলের কনটেন্ট কম দেখানোর বিষয়ে ইউটিউবকে জানানো যাবে।

ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পদ্ধতিতেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন শর্টসে থাম্বস-আপ চিহ্ন ব্যবহার করে লাইক দেয়া গেলেও নতুন আপডেটে সেটির জায়গায় থাকবে হার্ট ইমোজি। ইউটিউবের আশা, এতে নির্মাতা ও দর্শকের মধ্যে আরও ইতিবাচক যোগাযোগ তৈরি হবে।

আরও পড়ুন<<>> সাইবার নিরাপত্তা জোরদারের ‘ফিনিক্স সামিট ২০২৬’ শুরু 

এছাড়া, যুক্ত হচ্ছে নতুন ‘ক্লিয়ার স্ক্রিন’ মোড। এ ফিচার চালু করলে ভিডিও দেখার সময় পর্দা থেকে সাময়িকভাবে সব লেখা, বাটন ও আইকন আড়াল হয়ে যাবে। ফলে কোনো ধরনের ভিজ্যুয়াল বিঘ্ন ছাড়াই পুরো পর্দাজুড়ে ভিডিও দেখা যাবে।

ইউটিউব জানিয়েছে, এসব পরিবর্তনের মূল উদ্দেশ্য শর্টস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও পরিচ্ছন্ন, স্বতঃস্ফূর্ত এবং ব্যবহারবান্ধব করে তোলা।

তবে, নতুন ফিচারগুলো ঠিক কবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। ধাপে ধাপে এগুলো সবার জন্য চালু করা হবে।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের জনপ্রিয়তার পর স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর বাজারে তুলনামূলক দেরিতে প্রবেশ করলেও অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউব শর্টস। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement