Apan Desh | আপন দেশ

মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২১, ২৩ জুন ২০২৬

মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন

ছবি : সংগৃহীত

গুগলে এখন বাংলায় ‘লিওনেল মেসি’ কিংবা ইংরেজীতে ‘Lionel Messi’, ‘Messi Top Scorer’ কিংবা শুধু ‘মেসি’ লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী দৃশ্য। সার্চ ফলাফলের পর্দাজুড়ে ভেসে উঠছে ঝলমলে ভার্চুয়াল আতশবাজি। ফুটবলপ্রেমীদের অনেকের কাছেই এটি বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এর পেছনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের এক নতুন অধ্যায়।

সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনার দুই গোলই করেছেন লিওনেল মেসি। সেই জোড়া গোলের সুবাদে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন। এত দিন এই রেকর্ড ছিল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে, যার বিশ্বকাপ গোলসংখ্যা ছিল ১৬।

প্রায় ৩৯ বছর বয়সেও মেসির এমন কীর্তি ফুটবল বিশ্বকে নতুন করে বিস্মিত করেছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তিনি শুধু নিজের কিংবদন্তি মর্যাদাকেই আরও উঁচুতে নিয়ে যাননি, বিশ্বকাপ ইতিহাসেও স্থাপন করেছেন নতুন মানদণ্ড। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর দুই দশকজুড়ে ছয়টি বিশ্বকাপ খেলে গড়া এই রেকর্ডকে অনেকেই ফুটবলের অন্যতম দুর্লভ অর্জন হিসেবে দেখছেন।

আরও পড়ুন : গ্যালারিতে শাকিরাকে চুমু দেন তারই ছেলে

মেসির এই অনন্য অর্জনকে উদ্‌যাপন করতেই গুগল তাদের বৈশ্বিক সার্চ প্ল্যাটফর্মে বিশেষ ইন্টারেক্টিভ সেলিব্রেশন ফিচার চালু করেছে। সাধারণত বিশ্বব্যাপী আলোড়ন তোলা কোনো ঐতিহাসিক ঘটনা বা বিশেষ অর্জনকে সামনে রেখে গুগল এ ধরনের ডিজিটাল উদ্‌যাপনের আয়োজন করে থাকে। মেসির নতুন বিশ্বরেকর্ড সে স্বীকৃতিই পেয়েছে প্রযুক্তি জায়ান্টটির কাছ থেকে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement