Apan Desh | আপন দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ১৭ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

ছবি: আপন দেশ

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। রোববার ( ১৭ মে) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর সময় ও ঈদের তারিখ জানায়।

ঘোষণা অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে আগামী সোমবার (১৮ মে)। এর ভিত্তিতে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।

দেশটির বার্তা সংস্থা আনতারা জানায়, রাজধানী জাকার্তায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতভাবে ১ জিলহজ নির্ধারণ করা হয়েছে ১৮ মে। ফলে ঈদুল আজহা হবে ২৭ মে।

ইন্দোনেশিয়ার ৮৮টি স্থানে নতুন চাঁদ পর্যবেক্ষণ করা হয়। সে পর্যবেক্ষণের ফলের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

পর্যবেক্ষণে দেখা যায়, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। হিজরি মাস শুরুর জন্য এ মানদণ্ড অনুযায়ী চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব কমপক্ষে ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।

ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর জানান, বৈঠকে উপস্থাপিত চাঁদ দেখা সংক্রান্ত প্রতিবেদনই সিদ্ধান্তের ভিত্তি। বৈঠকে আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির গাণিতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।

আরও পড়ুন <<>> জুমার গুরুত্ব, মুমিনের করণীয়

এর আগে ইন্দোনেশিয়ার বৃহৎ ধর্মীয় সংগঠন ‘মুহাম্মাদিয়া’ও একই তারিখ ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল, ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তাদের হিসাবে ৯ জিলহজ বা আরাফাত দিবস হবে ২৬ মে (মঙ্গলবার) এবং জিলহজ মাস শুরু হবে ১৮ মে (সোমবার)।

সংগঠনটি জানায়, তারা সিঙ্গেল গ্লোবাল হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে এ সিদ্ধান্ত নিয়েছে। এটি গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার ভিত্তিক জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভরশীল।

এ ব্যবস্থার লক্ষ্য হলো বিশ্বজুড়ে মুসলিমদের জন্য হিজরি মাস শুরুর সময় একীভূত করা। এতে মাস শুরুর নির্ধারণ জাতীয় সীমানার ওপর নির্ভর করে না। বরং চাঁদের বৈশ্বিক দৃশ্যমানতার নীতির ভিত্তিতে তা নির্ধারিত হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়