জামায়াতের লোগো
জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২৫ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দু’দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
তিনি বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দু’দশক পূর্ণ হতে যাচ্ছে। অথচ এখনো হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
আরও পড়ুন<<>>‘তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদের পদত্যাগ করা উচিত ছিল’
বিবৃতিতে আরও বলা হয়, ২৮ অক্টোবরের ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এ ছাড়া ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াতের সব শাখার প্রতি আহবান জানানো হয়েছে।
একই সঙ্গে কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































