Apan Desh | আপন দেশ

সিঙ্গাপুর-জাপান-কাতারের এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৪, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:১৭, ২৫ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুর-জাপান-কাতারের এলএনজি কিনবে সরকার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি ভিন্ন প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। 

এর মধ্যে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে। 

পাশাপাশি জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন মিলেছে।

শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

আরও পড়ুন <> জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া বাজারদরের (জেকেএম) চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম। প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গোও কেনা যাবে।

এদিকে, সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির দীর্ঘমেয়াদি কাঠামোর আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে। 

আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোর দাম পড়বে জেকেএম বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম।

অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। 

পাশাপাশি পেট্রোবাংলা এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি ও শর্তপত্রের নমুনা স্বাক্ষরের বিষয়েও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়