ফাইল ছবি
নাটোরের নলডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর নিহত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটুল-নলডাঙ্গা সড়কের সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্নানগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বানী ইসরাইলের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গেদি বেগম পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী হিসেবে যাচ্ছিলেন। পথে সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে পৌঁছালে ভ্যানটি একই দিক থেকে আসা পাটবোঝাই স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিকে অতিক্রম করার চেষ্টা করে।
আরও পড়ুন<<>>গভীর রাতে মুক্তিযোদ্ধার দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন
এ সময় ট্রলিটির সঙ্গে ধাক্কা লেগে তিনি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনার পর পুলিশ ব্যাটারিচালিত ভ্যান ও পাটবোঝাই ট্রলিসহ সংশ্লিষ্ট চালকদের আটক করে থানায় নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































