Apan Desh | আপন দেশ

সংসদের দক্ষিণ প্লাজায় হয়েছে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৩, ১৯ জুন ২০২৬

সংসদের দক্ষিণ প্লাজায় হয়েছে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা

ছবি: আপন দেশ

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-আল-রশিদের নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয়েছে। শুক্রবার (১৯ জুন) জানাজা নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান। 

জানাজার আগে মরহুম হারুন আল রশিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি মো. খালেদ হোসেন মাহবুব।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন বিরোধী দলীয় নেতার পক্ষে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন। পরিবারের পক্ষে মরহুমের ভাতিজা কামাল হোসেনও বক্তব্য দেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, হারুন আল রশিদ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি পাঁচ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তি জীবনে অমায়িক, সজ্জন সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।

তিনি বলেন, হারুন আল রশিদ দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী ঘরাণার নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। এসময় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিরাবের প্রতি সমবেদনা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হারুন আল রশিদ একজন অত্যন্ত প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সততা ও নিষ্ঠার জন্য তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। গণতন্ত্র পুনরুদ্ধারে হারুন আল রশিদের অবদান ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন <<>> সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দের পক্ষে হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি; প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এবং সংসদ সচিবালয়ের পক্ষে ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া ও কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
  
উল্লেখ্য,হারুন আল রশিদ বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানাজায় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়