শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। নগরের সদর রোডের আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জামায়াত ও এনসিপি এক মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না। ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, সরকারের ১০০ দিনের ভালো কোনো কাজ হয়নি। এর মধ্যে ৬০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
আরও পড়ুন<<>>সরকারি অর্থে নির্বাচনি প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের
দেশকে একটা জটিল ভূ-রাজনৈতিক জটে ফেলে দেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, দেশ চালিয়ে সরকার মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। এর একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন। জাতীয় পার্টি ছাড়া সংবিধান সংশোধন হয়নি, হবেও না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশিদিন চলতে পারবে না।
সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, সভার পূর্বনির্ধারিত স্থান ছিল বরিশাল ক্লাব মিলনায়তন। ওপরমহলের নির্দেশের অজুহাত দেখিয়ে পুলিশ সেখানে সভা করার অনুমতি দেয়নি। আগরপুর রোডের আরেকটি মিলনায়তনে করতে চাইলে সেখানে বাধা দেয়। পরে আর্যলক্ষ্মী মিলনায়তনে অনুমতি দেয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































