ছবি : সংগৃহীত
বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণি রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজপথে সাংগঠনিক শক্তির মাধ্যমে এসবকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না।
সোমবার (০৮ জুন) দুপুরে নয়া পল্টনে একটি হোটেলে নবগঠিত কমিটির সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় যুবদলের এ অবস্থানের কথা জানান তিনি।
মোনায়েম মুন্না বলেন, প্রত্যেকে চোখ-কান খোলা রাখবেন। অন্তবর্তীকালীন সরকারের সময়ে যে মবতন্ত্র শুরু হয়েছিলো সে মবতন্ত্র থেকে রাজনীতিতে একটি উচ্ছৃঙ্খল শ্রেনী মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা তাদের প্রতি একটি বার্তা দিতে চাই, চটুল কথাবার্তা বলে রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। মববাজরা মনে করছে যে, উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব নয়।
তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের জনগন অনেক ভালো, জ্ঞানী ও বুদ্ধিমান । তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই।
মব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে যুবদলের সভাপতি বলেন, আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলুন, সাংগঠনিক কাজ করুন। বেফাঁস বক্তব্য-মন্তব্য থেকে বিরত থাকুন।
যুবদলের অবস্থান সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী যুব দল বিএনপির সবচাইতে বৃহৎ একটি অঙ্গসংগঠন। আমাদের সংগঠনের ক্যাপাসিটি ও ক্যাপাবেলিটি সম্পর্কে সবার ধারণা আছে। আমরা রাজপথে আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে এসবকে মোকাবেলা করব ইনশাল্লাহ।
আরও পড়ুন<<>>বিএনপির ‘ভুয়া কমিটি’ নিয়ে সতর্কবার্তা
বৃস্পতিবার (০৪ জুন) যুব দলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ১৫১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই মুন্নাকে সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
দীর্ঘ ১ বছর ১১ মাস পর ২০২৬ সালের ৪ জুন আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী যুবদল পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয় হয়। যুব দলের ১৫১ সদস্য কমিটি অনুমোদন দেয়ার জন্য বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান যুবদল সভাপতি এম মোনায়েম মুন্না ।
একই সঙ্গে বিগত সময়ে আন্দোলনের সহযোগিতার জন্য গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে যুব দলের সাধারণ সম্পাদক, এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের অভিভাবক আমাদের নেতা তারেক রহমান। যুবদলের প্রতিটি নেতা-কর্মীর প্রতি তার স্নেহ ও ভালোবাসা রয়েছে।
তিনি বলেন, যে পদ আমাদেরকে দেয়া হয়েছে, আমরা যেন সে পদের অপব্যবহার না করি। যুবদল যাতে সারা দেশের একটি আদর্শের সংগঠনে পরিণত করতে পারে।
যুবদল যুবকদের মডেল হবে উল্লেখ করে তিনি বলেন, এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন। আমরা আপনাদেরকে মডেল মনে করেই আমরা এ কমিটিতে রাখার চেষ্টা করেছি। যে পদ আপনাদেরকে দেয়া হয়েছে, এটি দলের একটি আমানত। আগামী দিনের সুনাম বৃদ্ধি হবে আপনারা সে কাজগুলা করবেন। যে কাজগুলো করলে যুবদলের দুর্নাম হবে দয়া করে এ কাজগুলো আপনারা করবেন না। আপনার সামনে যদি কেউ অন্যায় করে, সে যেই হোক আপনি প্রতিহত করবেন। তার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নেয়া দরকার সেগুলো করতে আমাদেরকে সহযোগিতা করবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































