ছবি: সংগৃহীত
বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (০৮ মে) জাপানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান শিমাদা তোমোকি।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
এসময় ডা. শফিকুর রহমান বাংলাদেশে আধুনিক ও বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণে জাপানের সহায়তা কামনা করেন।
আরও পড়ুন <<>> বিএনপিসহ চার সংগঠনের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদানের কথা তুলে ধরে ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































