ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) ৩৬ জনের এ তালিকা প্রকাশ করা হবে।
এ লক্ষ্যে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা এতে অংশ নেন।
সাক্ষাৎকারে নারী নেত্রীরা তাদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ত্যাগ ও দলের প্রতি অবদান তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় নিয়েও মত দেন। তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন।
দলীয় সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। ওইদিন পাঁচ শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হয়।
সূত্র আরও জানায়, ৯০০ জনের মধ্য থেকে প্রথমে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত ৩৬ জন নির্ধারণ করা হয়েছে। ত্যাগী, পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নারী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জামালপুর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয়া ডা. সানসিলা জেবরিন পিয়াংকা, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবি নাজনিন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুকসানা শাহনাজ, ফেরদৌস আহমেদ মিষ্টি, হাসনা হিনা হীরা, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক শামীমা আক্তার রুবী।
অন্যদিকে, কয়েকজন আলোচিত নেত্রী মনোনয়ন না-ও পেতে পারেন। তাদের মধ্যে রয়েছেন হাসিনা আহমেদ, আফরোজা আব্বাস, সাবেক এমপি রুমানা মাহমুদ, সেলিমা রহমান এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বিএনপির নেতারা জানিয়েছেন, মনোনয়নপ্রাপ্তরা সংসদে গঠনমূলক ভূমিকা রাখবেন। একই সঙ্গে অন্যান্য নারী নেত্রীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করবেন—এমন প্রত্যাশা দলের।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































