ছবি: আপন দেশ
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের হাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গিয়ে মা ও বোন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেয়ার দাবি জানায়। কিন্তু পিতা এতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে গোলাপ হোসেন ঘরে থাকা লোহার বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন <<>> অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ১৭ লাখ টাকা জরিমানা
এসময় মা আবেদা বেগম ও বোন তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ হোসেন। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে মা আবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































