Apan Desh | আপন দেশ

বকশীগঞ্জ পৌর আ.লীগের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২১ আগস্ট ২০২৩

আপডেট: ০০:৫০, ২২ আগস্ট ২০২৩

বকশীগঞ্জ পৌর আ.লীগের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত

জামালপুর প্রতিনিধি: দলে বিভেদ সৃষ্টির অপতৎপরতার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ পৌর শাখার সাংগঠনিক কর্মকাণ্ড সাময়িক স্থগিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

রোববার (২০ আগস্ট) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে  এ তথ্য জানানো হয়।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল উদ্দিন বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে বিতর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে দলের মাঝে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেছে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। বিতর্কিত ওই অনুষ্ঠান স্থগিত করার জন্য পৌর আওয়ামী লীগের আহ্বায়ককে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও সেই অনুষ্ঠান করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এমন কর্মকাণ্ড সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনা অবজ্ঞা করার একটি অপচেষ্টা মাত্র। পরবর্তীতে ১৮ আগস্টে উপজেলা আওয়ামী লীগের নোটিশের জবাবে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জানান, উপজেলা কমিটির নির্দেশনা অনুষ্ঠান সম্পন্নের পর তিনি জানতে পেরেছেন এবং যদি সেটি অনুষ্ঠান শুরুর আগে পেতেন তাহলে অবশ্যই স্থগিত করা হতো।  তার এমন জবাব সন্তোষজনক নয় মনে করছে উপজেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে গত ১৫ আগস্ট বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভাতেও পৌর আওয়ামী লীগের কেউই অংশ নেয়নি। এতে দলের ঊর্ধ্বতন শাখার প্রতি পৌর আওয়ামী লীগের আনুগত্যহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

চিঠিতে সর্বশেষ বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬২(১) নং ধারা মোতাবেক বকশীগঞ্জ পৌর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায় অত্র কমিটির সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার মাঝে ঊর্ধ্বতন শাখার আদেশ ও দিকনির্দেশনা প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং দলে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং অপতৎপরতার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় সংগঠনের সার্বিক স্বার্থে বকশীগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো। দলের জেলা শাখার সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল জানান, রোববার (২০ আগস্ট) পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বরাবর এই চিঠি দেয়া হয়েছে।

এ ব্যাপারে বকশিগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল উদ্দিন জানান, সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিতের চিঠি তিনি হাতে পাননি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠনের পর তাকে কোনদিনই চিঠি দেয়া হয়নি বলেও জানান তিনি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়