একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের। তবে অনিবার্য কারণবরশত বিএসএমএমইউর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।
সাঈদীর চিকিৎসাসংক্রান্ত ব্রিফিং বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার আগে রোববার (১৩ আগস্ট) বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত সাঈদীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই রাতেই তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।
আরও পড়ুন <> সাঈদীর চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকি, থানায় জিডি
কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি ছিলেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন।
পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে সাঈদীর মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় এবং পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপর বেলা ১টার দিকে জানাজা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে অনুষ্ঠিত জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































