হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের জ্বর কমেছে। কিন্তু লিভারের জটিলতা এখনো রয়ে গেছে। যার কারণে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বিএনপি সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা যে অবস্থা ছিল, সেটি এখন কমে আসছে। কিন্তু লিভারে জটিলতা এখনো রয়েছে। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। আসলে দেশে খালেদা জিয়ার লিভার সিরোসিসের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। এখন তার যে চিকিৎসা চলছে, সেটি হচ্ছে রোগটি যেন আর না বাড়ে এবং নিয়ন্ত্রণ রাখা যায় তারই চেষ্টাই চলছে।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ভালো-মন্দ মিলিয়ে আছেন ম্যাডাম। চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়তো চিকিৎসকরা ভালো বলতে পারবেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের জ্বর কিছুটা কমেছে। কিন্তু লিভারের যে সমস্যা সেটি এখনো আছে। আসলে যখন তার লিভারের জটিলতা তৈরি হয়েছিল, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হত না। তিনি আরও বলেন, তার রোগটি যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেটার চিকিৎসা চলছে।
৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া এনিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছরের জুন মাসে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ গত ১২ জুন বেশকিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































