বিধিমালা সংশোধন করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ সংশোধন করে বুধবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকাদণ্ডের উপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে পতাকা বাঁধতে হবে।
পতাকাদণ্ডের কোথায় পতাকা রেখে পতাকা অর্ধনমিত করতে হবে, বিধিমালায় বিষয়টি আগে নির্ধারিত ছিল না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক অধ্যাদেশ, ১৯৭২-এর আর্টিকেল-৫ এ দেয়া ক্ষমতাবলে সরকার পতাকা বিধিমালা সংশোধন করেছে।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় ফের পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত তুলে এরপর নামাতে হবে।
২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ জাতীয়ভাবে শোক পালনের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































