Apan Desh | আপন দেশ

জনমনে আতঙ্ক

একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০০, ৯ নভেম্বর ২০২৬

একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ছবি: আপন দেশ

সন্ধ্যা নামতেই রাজধানীতে বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। ব্যস্ত সড়ক, পুলিশি স্থাপনা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গেল এক সপ্তাহে অন্তত ১২টি এলাকায় ১৪টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এসব ঘটনায় পুলিশ ও নিরাপত্তাকর্মীসহ তিনজন আহত হয়েছেন। পরিস্থিতিকে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে প্রতিটি ঘটনার তদন্ত চলছে।

সর্বশেষ রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যার পর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন<<>>ঢাবি ক্যাম্পাসে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ৩

এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। 

আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানান ওসি।

এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার এসআই মামুন। 

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়