Apan Desh | আপন দেশ

জাতীয় যুব দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০১:০১, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:১০, ১ নভেম্বর ২০২৬

জাতীয় যুব দিবস আজ

ফাইল ছবি

আজ জাতীয় যুব দিবস। আত্মকর্মসংস্থান এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।

এবারের আয়োজনে চাকরি মেলা, যুব পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচি রাখা হয়েছে। যুব দিবসে এবারের প্রতিপাদ্য- ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও এ জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে তরুণেরা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ কারণে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

এবারের জাতীয় যুব দিবসের অন্যতম আকর্ষণ চাকরি মেলা। এতে ৫৫টি প্রতিষ্ঠান অংশ নেয়ার কথা রয়েছে। মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মপ্রত্যাশী তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশে ১২ হাজার পরিবেশবান্ধব ও টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে।

আরও পড়ুন <<>> দক্ষ-অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি

দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুবঋণ বিতরণ। এছাড়া সফল তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং প্রশিক্ষণ ও সনদ বিতরণের আয়োজনও রয়েছে।

বর্তমানে বেকারত্ব, দক্ষতার ঘাটতি, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা যুবসমাজের জন্য বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, শ্রমবাজারের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জন এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা বাড়ানো জরুরি।

তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তুলতে হবে। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। জাতীয় যুব দিবস সে সম্ভাবনা ও দায়িত্বের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়