ছবি : আপন দেশ
দুর্বৃত্তপনার কারণে এমপি পদ হারাতে হলো বিএনপির সংরক্ষিত আসনের এমপি ফেরদৌস আহমেদ মিষ্টিকে। দলীয় প্রধান তাকে ওই পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। নির্দেশনা পেয়েই ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অপেক্ষায় রয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অফিস ও বিএনপি দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্র নিয়ে মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা এবং নগদ টাকা লুট করে। ভারী যন্ত্র বা এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। এরপর সেখানে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর সাইনবোর্ড টাঙানো হয়।
আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ
১৯৭৪ সাল বা ১৯৭৬ সাল থেকে এ স্বাস্থ্যকেন্দ্রটি মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং টিকাদান সেবা দিয়ে আসছে।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে। দায়িত্ব পালনে পুলিশের গাফিলতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল তথ্য দেয়ার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় বিএনপি নেতা হানফ মিয়ার নাম মামলায় প্রধান আসামি করা হলেও এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা ও তদন্ত চলছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্তে যার বিরুদ্ধেই প্রমাণ মিলবে, কাউকেই ছাড় দেয়া হবে না। এছাড়া ধ্বংসস্তূপের মধ্যেই সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
আপন দেশ/এনএম/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































