Apan Desh | আপন দেশ

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে ৩ গুণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৯, ১ অক্টোবর ২০২৬

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে ৩ গুণ

ছবি : আপন দেশ

বাংলা কিউআরভিত্তিক লেনদেনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। মাত্র ৯০ দিনের ব্যবধানে এ পদ্ধতিতে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ, যা দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ০১ নভেম্বর থেকে চালু হবে পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশব্যাপী প্রায় ৩৯ লাখ মার্চেন্টে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধের সুযোগ পাচ্ছেন।

২০২৬ সালের জুনে দৈনিক গড়ে ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট সম্পন্ন হতো, যার অর্থমূল্য ছিল গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৩ লাখ বাংলা কিউআর পেমেন্ট হচ্ছে, যার অর্থমূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশীয় বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণে ০১ জুলাই থেকে সব ধরনের প্রোপ্রাইটারি কিউআরের স্থলে বাংলা কিউআর প্রতিস্থাপন করা হয়েছে। 

একই সঙ্গে বাংলা কিউআর লেনদেনের পারফরম্যান্স, প্রচার ও মূল্য নির্ধারণে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

এছাড়া আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণে মার্চেন্টদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। 

একই সময় থেকে বাংলা কিউআর পেমেন্টে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ ও ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে। ফলে বাজার পর্যায়ে বাংলা কিউআর পেমেন্টের খরচ কমবে।

আরও পড়ুন <> ‘অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই’

এদিকে সেপ্টেম্বর মাসে বাংলা কিউআরের মাধ্যমে গড় লেনদেনের পরিমাণ বেড়ে ৪ হাজার ১০১ টাকায় উন্নীত হয়েছে, যা জুনে ছিল ২ হাজার ৮০০ টাকা।

আরিফ হোসাইন খান বলেন, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে বা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ছবি আপলোড করে অর্থ স্থানান্তর করতে পারবেন।

গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলা কিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরতের ব্যবস্থাও করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়