Apan Desh | আপন দেশ

রাড্ডায় হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডায় হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯, ওসি প্রত্যাহার

ছবি: আপন দেশ

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। 

একই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন গ্রেফতার করেছে পুলিশ। স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খুদে বার্তার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 

পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে শাহ আলী থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। একই সময় ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর (ক্লোজড) সংযুক্ত করা হয়। আদেশে অবিলম্বে তা কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

একদিন আগেই ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাড্ডার ঘটনায় পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যে দল বা মতেরই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন : দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্ব ছিল বলেও উল্লেখ করেন কমিশনার।

শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি ওই কথা জানান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মুখোশধারী ২০০-২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা সেখানকার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ও জিম্মি করে প্রতিষ্ঠানটির একটি পাকা ভবন এবং তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়। 

পরবর্তীতে ধ্বংসস্তূপের ওপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের গুরুত্বপূর্ণ রেজিস্টার, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়। 

আরও পড়ুন >< স্টুডিও ভাঙচুরের পর লাইভে যা বললেন সালমান মুক্তাদির

এছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সামগ্রী, কম্পিউটার ও ল্যাপটপসহ বিপুল আসবাবপত্র লুট করা হয়। শুধু মালামাল ও যন্ত্রপাতির আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত দেড় কোটি টাকা।

ঘটনার পর থেকে মূল স্থাপনা হারিয়ে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়েই প্রসূতি নারী ও শিশুদের টিকা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখেন স্বাস্থ্যকর্মীরা। 

এ ঘটনায় ডা. নাসরিন বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে মিরপুর এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের নিয়মিত টিকাদান সেবা দিয়ে আসছিল।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়