ছবি: সংগৃহীত
ইতালিতে ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ের পরও অসম্পূর্ণ আবেদন সম্পন্ন এবং প্রয়োজনীয় তথ্য সংশোধনের সুযোগ পাবেন নিয়োগকর্তারা।
এ জন্য আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য আবারও খুলবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল।
তবে এ সুযোগ সবার জন্য নয়। যেসব নিয়োগকর্তা আগে থেকেই আবেদনপত্র পূরণ শুরু করেছেন, কেবল তাঁরাই দ্বিতীয় দফায় প্রয়োজনীয় তথ্য যুক্ত, সংশোধন কিংবা অসম্পূর্ণ আবেদন সম্পন্ন করতে পারবেন। এ সময়ে নতুন করে কোনো আবেদন তৈরি করা যাবে না।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর রাত ১টায় এ কার্যক্রমের প্রথম ধাপ শেষ হবে।
আরও পড়ুন <> বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
এরপর ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত আবারও সীমিত সময়ের জন্য পোর্টাল চালু থাকবে।
এ সময় আগে থেকে শুরু করা আবেদনপত্রের অসম্পূর্ণ কাজ শেষ করা এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন বা সংযুক্ত করা যাবে। তবে নতুন আবেদন করার সুযোগ থাকবে না।
চার ধাপে জমা হবে আবেদন : আবেদনপত্র পূরণ করলেই নিয়োগের আবেদন চূড়ান্তভাবে জমা হবে না। কাজের ধরন অনুযায়ী ইতালি সরকার নির্ধারিত চারটি আলাদা দিনে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১২ জানুয়ারি কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা নেয়া হবে। পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত দিন ৯ ফেব্রুয়ারি।
অমৌসুমি চাকরির আবেদন জমা দেয়া যাবে ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য আবেদন জমা নেয়া হবে ১৮ ফেব্রুয়ারি।
প্রতিটি নির্ধারিত দিনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা দেয়ার কার্যক্রম শুরু হবে।
আবেদন করবেন নিয়োগকর্তা : ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতির আবেদন সরাসরি কর্মীকে করতে হবে না।
এ প্রক্রিয়ায় আবেদন করবেন ইতালির নিয়োগকর্তা। তিনি নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায় আবেদনপত্র পূরণ এবং জমা দিতে পারবেন। বিদেশি কর্মীরা নিজেরা সরাসরি এই প্রক্রিয়ায় কাজের অনুমতির আবেদন করতে পারবেন না।
ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেয়ার অনুমোদন রয়েছে।
এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জন মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগের সুযোগ পাবেন।
নির্ধারিত খাতের জন্য বরাদ্দ থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































