ছবি: আপন দেশ
ভোর সাড়ে ৪টা থেকে টানা ভারি বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলির অনেক অংশ পানিতে তলিয়ে গেছে। মতিঝিল, আরামবাগ, শান্তিনগর, মালিবাগ, রাজারবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা এবং মিরপুরের কোথাও হাঁটুপানি কোথাও বা কোমরসমান পানি জমে যায়।
ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই জলাবদ্ধতা ও গণপরিবহনের সংকটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের অনেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন<<>>সারা দেশের তাপমাত্রা কমে বজ্রবৃষ্টির আভাস
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদফতরের সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এদিকে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































