ছবি: আপন দেশ
বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গ্রামীণ অর্থনীতিতে নতুন করে গতিশীলতা আনার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সম্মেলন-২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (পরীক্ষামূলক ত্রাণ), জিআর (সাধারণ ত্রাণ), ভিজিএফ (অতি দরিদ্র ও দুস্থদের খাদ্য সহায়তা) এবং খাল খননের মতো কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের কাছে আর্থিক প্রবাহ পৌঁছে দেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>সরকারি কর্মচারীদের কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া
তিনি বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারগুলোর একটি। এ কর্মসূচি শুষ্ক মৌসুমে চাষাবাদ এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করে গ্রামীণ জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
এ ছাড়া খাল খননের মাধ্যমে মাছ চাষ এবং নদীর তীরজুড়ে বৃক্ষরোপণের সুযোগও সৃষ্টি হবে বলে জানান আসাদুল হাবিব দুলু। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৯ নভেম্বর ২০২৬ আনুষ্ঠানিকভাবে মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন।
কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো বরাদ্দ যাতে ফেরত না যায় এবং সরকারি অর্থের অপচয় না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































