Apan Desh | আপন দেশ

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে ১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে ১ শতাংশ

ফাইল ছবি, আপন দেশ

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর আরও কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১ শতাংশে নেমে আসবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌ‌নে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

সংস্থাটি জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গত ০৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। এর ফলে তখন এসব উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে এ সুবিধা আরও সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

নতুন সুবিধার আওতায় সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং পুরো রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে মোট করভার হবে মাত্র ১ শতাংশ।

এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে। 

আরও পড়ুন<<>>পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার

এনবিআর আরও জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও একই সুবিধা পাবেন। অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তাদের আমদানিতেও ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং অন্যান্য উল্লিখিত শুল্ক-কর থেকে অব্যাহতি দেয়া হবে।

এনবিআরের মতে, শুল্ক-কর কমানোর ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমতে পারে। একই সঙ্গে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

সংস্থাটি বলেছে, সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় করাই এ সুবিধা দেয়ার অন্যতম লক্ষ্য। 

আপন‌দেশ/কেএম/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়