Apan Desh | আপন দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ

ছবি : আপন দেশ

রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যেন ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। সভাটি ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে। 

আরও পড়ুন<<>>স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি

সভায় তিনি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তায় শূন্যতা সৃষ্টি না হয়। ডিউটির কোনো ঘাটতি না থাকে। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনের সময় যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার তালুকদার, মোহাম্মদ ওসমান গণি ও মোহাম্মদ শামসুল হকসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়