ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩বি-এর উপবিধি ১ ও ২ অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন <<>> চাঁদাবাজ পুলিশের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এ নিয়োগসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে এমপি নির্বাচিত হন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠন করা বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































