Apan Desh | আপন দেশ

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪৭, ১৫ জুলাই ২০২৬

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস

ছবি: আপন দেশ

আজ ১৫ জুলাই (বুধবার) বিশ্ব যুব দক্ষতা দিবস। প্রতিবছর এ দিনে যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই যার লক্ষ্য।

এ বছর দিবসটির প্রতিপাদ্য “দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ”। দক্ষতা উন্নয়ন এখন আর ব্যক্তি পর্যায়ের বিষয় নয়; এটি সামষ্টিক দায়িত্ব, যার ওপর নির্ভর করছে সামাজিক সংহতি, শান্তি এবং টিকে থাকার মত টেকসই উন্নয়ন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদ্‌যাপন করছে। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাইয়ের ১৫ তারিখকে 'বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। 

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এ প্রেক্ষাপটে 'বিশ্ব যুব দক্ষতা দিবস- ২০২৬' উদযাপনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন<<>>আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের তরুণদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের যে সুদূরপ্রসারী দর্শন ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সে ধারাবাহিকতাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী রূপ দিচ্ছে। 

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানবসম্পদের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে। 

তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং উদীয়মান প্রযুক্তির দ্রুত বিকাশ কর্মক্ষেত্রে যেমন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে, তেমনি নতুন সম্ভাবনারও দ্বার উন্মোচন করছে। এ বাস্তবতা বিবেচনায় রেখে সরকার দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক, শিল্পমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।

উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুবদের জন্য অধিকতর আর্থ-সামাজিক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালনের ঘোষণা দেয়া হয়। এরই প্রেক্ষিতে প্রতিবছর ১৫ জুলাই সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়