Apan Desh | আপন দেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫৬, ১৪ জুলাই ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আপন দেশ

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বীজ ও সার সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে বন্যাদুর্গত এলাকায় গবাদিপশুর জন্য শুকনো খাদ্য সরবরাহ এবং রোগ প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচিও শুরু হবে বলেও তিনি জানান। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। অনেক এলাকায় ধানের চারা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের নতুন করে রোপণের প্রস্তুতি নিতে হবে। তবে এখনো ব্যাপক পরিসরে রোপণ না হওয়ায় বড় ধরনের ফসলহানির আশঙ্কা তুলনামূলক কম। 

আরও পড়ুন<<>>কৃষি-বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-ওয়াশিংটন বৈঠক

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিকল্প বীজতলা তৈরির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটসহ (ব্রি) সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার নিজস্ব ব্যবস্থাপনায় বীজ উৎপাদন করে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকদের মধ্যে বিতরণ করবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত রোপণ উপযোগী ধানের জাত ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত কৃষকদের বীজ ও সার সরবরাহের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সহায়তা প্যাকেজের বিষয়টি বিবেচনা করা হবে। 

গবাদিপশুর খাদ্য সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, বন্যার কারণে খড়, ঘাস ও পশুখাদ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় দুর্গত এলাকায় গরু ও ছাগলের জন্য শুকনা খাদ্য সরবরাহ করা হবে। বর্ষা ও বন্যার সময় গবাদিপশুর বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে খুরা রোগ প্রতিরোধে ক্ষতিগ্রস্ত এলাকার সব গবাদিপশুকে দ্রুত টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়