ফাইল ছবি, আপন দেশ
সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে উল্লেখ করে সংসদকে নোটিশ করেছেন শেরপুর-১ আসনের এমপি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।
তিনি তার নোটিশে ভবনের বর্তমান নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত সংস্কারের দাবি জানান। বিষয়টি সংসদের অধিবেশনে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার বিষয়টি উপস্থাপন করেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ছয়টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গিয়েছে। তন্মধ্যে চারটি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি।
আরও পড়ুন<<>>আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক
শেরপুর-১ আসনের এমপি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের নোটিশের কথা উল্লেখ করে স্পিকার বলেন, তার নোটিশে সংসদ ভবন সংস্কার সম্পর্কে উল্লেখ রয়েছে, সংসদ ভবনের অবকাঠামোগত নিরাপত্তা ও কার্যকারিতা সংক্রান্ত একটি জরুরি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপন করছি।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল নজরে পড়েছে। বিধায় ছাদ ও অন্যান্য অংশ দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়া এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত ত্রুটির বিষয়টি দৃষ্টিগোচর। জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর মর্যাদা, নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ন রাখার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
স্পিকার বলেন, নোটিশটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নোটিশটি সংসদ সচিবালয়-সংক্রান্ত। তাই কার্যপ্রণালি বিধির ৫৪ (৩) বিধি অনুযায়ী নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্নের প্রশ্ন হিসেবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































