Apan Desh | আপন দেশ

ঘাটতি বাজেট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ১১ জুন ২০২৬

ঘাটতি বাজেট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বুধবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।  

অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করা হবে। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা হতে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে।  

তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে যা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করেন তিনি। 

আরও পড়ুন<<>>বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপকহারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাই বাজেট ঘাটতিও বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২ দশমিক ৯ শতাংশ। পক্ষান্তরে ২০২৩- ২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৪ দশমিক ০৫ শতাংশ হয়েছে।  

অর্থমন্ত্রী বলেন, এ অবস্থা থেকে উত্তরণে ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছি। এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে। অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

আপন দেশ/এসআর    

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়