ফাইল ছবি, আপন দেশ
দেশে ৬৫ বছরের বেশি বয়সীদের (সিনিয়র সিটিজেন) ট্রেন ভ্রমণে লাগবে কোনো ভাড়া। মেট্রোরেল ভাড়াতেও ২৫ শতাংশ ছাড় পাবেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।
এছাড়া নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে আরও কার্যকর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন<<>>বাজেটে ১০ খাতকে অগ্রাধিকার
অর্থমন্ত্রী বলেন, দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। পাশাপাশি আধুনিক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ (ক্যারেজ) ও পণ্যবাহী ওয়াগন সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
রেলের সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশেই কোচ এবং লোকোমোটিভ সংযোজন (অ্যাসেম্বলিং) কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালুর মাধ্যমে রেল চলাচলকে আরও নিরাপদ ও গতিশীল করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































