অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
শেয়ার বাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শেয়ার বাজারকে শক্তিশালী করা হচ্ছে। একইসঙ্গে শেয়ার বাজারকে নির্ভরযোগ্য অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (০৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২টি আলোচিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চালিয়েছে। এসব তদন্তের ভিত্তিতে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, কয়েকটি শিল্পগোষ্ঠী ও আর্থিক প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সেলিম রেজা জানতে চান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুকুরচুরিতে ধ্বংসপ্রাপ্ত শেয়ার বাজার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে। শক্তিশালী শেয়ার বাজার গঠনে বর্তমান সরকারের পদক্ষেপ কী?
উত্তরে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুকুরচুরিতে ধ্বংসপ্রাপ্ত শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। পরে কমিশনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়।
সংসদে দেয়া তথ্য অনুযায়ী, সরকার পরিবর্তনের পর নতুন কমিশন পাঁচ সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে। কমিটি ১২টি বিষয়ে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন জমা দেয়। সে প্রতিবেদনের ভিত্তিতে নিষেধাজ্ঞা, জরিমানা এবং বিভিন্ন অভিযোগ দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
অপর এক এমপির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশীয় মূলধন সংগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সংস্কারের মাধ্যমে শেয়ার বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, শেয়ার বাজারের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর কার্যকর অবদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































