Apan Desh | আপন দেশ

বিদেশ সফরের অনুমতি পেলেন না রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫০, ৮ জুন ২০২৬

আপডেট: ১৯:২৭, ৮ জুন ২০২৬

বিদেশ সফরের অনুমতি পেলেন না রাসিক প্রশাসক

ছবি: আপন দেশ

এবার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের বিদেশ ভ্রমণের প্রস্তাব সরাসরি নাকচ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কবাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশন। আবেদনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রস্তাব করা হয়েছিলো।

তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান। 

সোমবার (০৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এ দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এ প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে কোন প্রকৌশলী জ্ঞান আহরন করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়। বিধায় তার যাওয়া কোন গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট এবং দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন<<>>সরকার দুষ্টের দমন, শিষ্টের পালনে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যে কাজের সঙ্গে যাদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী তিনি। 

মূলত দেশের অর্থ সাশ্রয় এবং সঠিক জায়গায় সঠিক মানুষের মূল্যায়নের অংশ হিসেবেই এমন কঠোর নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়