ছবি: আপন দেশ
মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (০১ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো একটি সারসংক্ষেপের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচজন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব ওই সারসংক্ষেপে উত্থাপন করা হয়েছিল।
তারেক রহমান বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।
আরও পড়ুন <<>> সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশনা
জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধিদলের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল।
এদিকে ব্যয় সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের কক্ষে আলোর ব্যবহার কমিয়েছেন। পাশাপাশি সন্ধ্যা সাতটার মধ্যে বিপণিবিতান ও বিপণিকেন্দ্র বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছেন। অর্থ অপচয় রোধে নেয়া বিভিন্ন উদ্যোগের প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ সফর প্রস্তাবটি তার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































