ছবি: আপন দেশ
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে হয়েছে। জানাজা শেষে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল করে। এসময় পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছে।
সোমবার (০১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ ১০ থেকে ১৫ জনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, যথাসময়ে মরদেহবাহী গাড়ি যাতে করে যেতে পারে, আমরা সে ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়, সে সংখ্যা এ মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।
আরও পড়ুন<<>>রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
আটককৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাকে ধরা হয়েছে। তবে যদি আটককৃতদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেয়া হবে।
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের বর্ষীয়ান তোফায়েল আহমেদ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের পরবর্তী জানাজা হবে মঙ্গলবার (০২ জুন) ভোলায় তার গ্রামের বাড়িতে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































