ফাইল ছবি, আপন দেশ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে সরকারি অফিস-আদালতের ছুটি। ছুটির শুরুতেই ঘরমুখো মানুষের যাত্রায় হানা দিয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে সড়ক ও নৌপথের যাত্রী চলাচলে।
সোমবার (২৫ মে) সকাল থেকে সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা যায়, ঘরমুখো মানুষের উপস্থিতি কম। টার্মিনালে যাত্রীদের ভিড় কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ঘাটে যাত্রীদের সারিবদ্ধভাবে লঞ্চে উঠতে দেখা যায়।
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলার চরফ্যাশনে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে কর্মরত মাহমুদ। তিনি বলেন, বাসের চেয়ে লঞ্চযাত্রা আমার জন্য সুবিধাজনক। এবার সদরঘাটে তেমন ভিড় নেই, বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে না। আশা করি স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারব।
বরিশালগামী যাত্রী আসিফ বলেন, পরিবার-পরিজন নিয়ে লঞ্চে যাত্রা আরামদায়ক, তাই আমার মতো অনেকেই লঞ্চকে বেছে নিচ্ছেন। লঞ্চে ভাড়া আগের মতোই রয়েছে। বৃষ্টির কারণে রাস্তায় চলাচলে ভোগান্তি ছাড়া ঈদযাত্রা স্বস্তিরই বলা চলে।
আরও পড়ুন<<>>দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০
ভোলার বোরহানউদ্দিন উপজেলাগামী গাজী সালাউদ্দিন লঞ্চের সুপারভাইজার লিটন বলেন, আজকে অফিস-আদালত বন্ধ হওয়ায় যাত্রীচাপ কিছুটা বেড়েছে। তবে বৃষ্টির কারণে অন্যান্য সময়ের চেয়ে অনেক কম যাত্রী এসেছেন। আগামীকাল আরও বাড়বে বলে আশা করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই।
বাড়ির উদ্দেশে বের হওয়া ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চল আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিকেলে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১১ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে ঘরমুখো মানুষেরা।
সরেজমিনে খোঁজ নিয়ে বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর ও নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগর থেকে বাইপাইল এবং জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত সড়কে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
এসময় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয় এবং নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।
সেলফি পরিবহনের চালক মো. মারুফ বলেন, দুপুরের পর থেকে সড়কে যাত্রীদের চাপ বেড়েছে। তাই বাসের চাপও বৃদ্ধি পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশমাইল এলাকায় মহাসড়কের উপর যত্রতত্রভাবে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করায় যানজটের শুরু হয়।
এদিকে মহাসড়কের যানজটের প্রভাব পড়েছে আশাপাশের সংযোগ সড়কেও। এতে করে মানুষ প্রয়োজনীয় কাজেও যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন। ঈদযাত্রার প্রথম দিনেই এমন ভোগান্তিতে পড়ে হতাশ সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান বলেন, বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যানজট শুরু হয়ে বাইপাইল পর্যন্ত গেছে। তবে যানজট নিরসনে পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































