Apan Desh | আপন দেশ

যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:১৯, ১৬ মে ২০২৬

আপডেট: ১৪:৩৮, ১৬ মে ২০২৬

যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব। দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার। 

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন। 

এসময় সভায় উপস্থিত জনতা দাবি করে, ‘কুমিল্লা বিভাগ চাই’। তখন প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। সবাই যদি এ দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে। 

এর আগে দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীর ঢল

এদিন সকাল ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী-সমর্থকরা ব্যানার-ফেষ্টুন নিয়ে এ পথসভায় সমবেত হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষীপুর বাজার মাঠের পথসভাটি হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরে যাচ্ছেন। পথিমধ্যে এ পথসভায় অংশ নিচ্ছেন তিনি।

পথসভা শেষ করে বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল ‍পুনঃখনন কাজের সূচনা করবেন। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এছাড়া চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement