ফাইল ছবি
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছে। যার কারণে জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
মঙ্গলবার (১২) রাতে বঙ্গভবনের প্রেস উইংয় থেকে জানানো হয়েছে এ তথ্য।
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার দুপুরে দেশটির ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয়। পরে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন <<>> সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে: প্রতিমন্ত্রী
উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এরইউএইচ) ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বে প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































