Apan Desh | আপন দেশ

পর্যটন খাতকে শিল্পে পরিণত করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২২, ৪ মে ২০২৬

পর্যটন খাতকে শিল্পে পরিণত করতে কাজ করছে সরকার

ছবি: আপন দেশ

দেশের পর্যটন খাতকে শিল্পে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

সোমবার (০৪ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার মূল বিষয় ছিল দেশের পর্যটন শিল্প। প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থান সংস্কার এবং নতুন পর্যটক আকর্ষণের জন্য কী কী পদক্ষেপ নেয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিশেষ করে মনপুরা ও নেত্রকোনার মতো এলাকায় পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, চার-পাঁচটি জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

পর্যটন খাতকে সুন্দরভাবে গড়ে তোলা গেলে আরও বেশি দর্শনার্থী আসবে, দেশ সম্পর্কে মানুষ জানবে ও চিনবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পর্যটন মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও ও বগুড়ায় নতুন বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চলতি মাসের ৭ তারিখে বগুড়ায় গিয়ে স্থানটি পরিদর্শন করা হবে। সেখানে একটি বিমানবন্দর করার পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যাতে পাইলট তৈরি করা যায়।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় ছোট-বড় অনেক পর্যটন স্থান রয়েছে। সেগুলোকে কীভাবে আরও আকর্ষণীয় করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রস্তাব এলে মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে।

পর্যটকদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে যাতে আগত দর্শনার্থীরা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, কক্সবাজারের সৈকতকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব করতে নির্দেশনা দেয়া হয়েছে।

সেন্ট মার্টিনস বছরের নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আজকের আলোচনায় আসেনি। তবে এটি নিয়েও চিন্তা-ভাবনা চলছে।

মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে পর্যটন খাতে তেমন কোনো কাজ হয়নি। এটি বর্তমানে কিছুটা রুগ্ন অবস্থায় আছে। আমরা এটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও চান পর্যটনকে শিল্পে পরিণত করতে। আমরা সবাই মিলে সে চেষ্টা করছি। বেসরকারি খাত থেকেও কেউ এগিয়ে এলে পর্যটন উন্নয়নে সহযোগিতা করা হবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়