ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তিনি জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দেশটির সরকারের প্রতি বিশেষ আহবান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
খলিলুর রহমান বলেন, এ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি, শিগগির এ বিষয়ে সুনির্দিষ্ট এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
আরও পড়ুন <<>> ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত। এটি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও দুই দেশের জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























