ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য আগে ৫০টি আসন নির্ধারিত থাকলেও এখন তা বাড়ানো হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে আরও ১০০টি আসন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেয়ার আবেদন জানালে তা মঞ্জুর করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের মতে, এ সিদ্ধান্তের ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবে।
আরও পড়ুন <<>> প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। সে ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকেও রাষ্ট্র সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ বিষয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উদ্যোগটিকে স্বাগত জানান। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদের কার্যক্রম, স্থাপত্যশৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































