নয়াপল্টনের বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ জিয়ার শিক্ষা থেকে বিএনপি নেতা-কর্মীদের দেশের অসহায় মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে এ আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। আপনারা যারা বহুদিন যাবত দলের সঙ্গে জড়িত আছেন, আপনারা জানেন, শহীদ জিয়ার শাহাদাৎ হওয়ার পরে থেকে আমরা চেষ্টা করি এ দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ দিনে বিভিন্ন জায়গায় অসহায় মানুষ যারা আছেন, অসুবিধায় যারা আছেন, আমাদের যতটুকু সম্ভব, তাদের জন্য আমরা চেষ্টা করেছি।
আপনাদের কাছে আমার আহবান থাকবে, দলের পক্ষ থেকে শুধু নয়, আপনাদের যাদের পক্ষে সম্ভব, ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এটাই শহীদ জিয়ার শিক্ষা।
প্রধানমন্ত্রী বলেন, আসুন, এটি আমরা শপথ গ্রহণ করি যে, আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যাতে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এ দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের সাফল্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকাকে পরিস্কার রাখার আহবান
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন ঢাকার ১৭টি স্পটে বস্ত্র ও শুকনো খাবার বিতরণে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শেরেবাংলা নগরে জিয়াসমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি কলেজ মাঠে তার এ কর্মসূচি শুরু হয়।
বিভিন্ন স্পট ঘুরে নয়া পল্টনে আসার আগে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন প্রধানমন্ত্রী।
সেখানে তিনি বলেন, ঢাকা দক্ষিণের অনেকগুলো জায়গায় বিভিন্নভাবে ঘুরেছি, গাড়ি নিয়ে ঘুরেছি। যে এলাকার যে আবর্জনা বলেন, শুধু যে কোরবানির বর্জ্য নয়, একই সঙ্গে অন্যান্য আবর্জনাও কতটুকু কী কেমন পরিষ্কার হচ্ছে আমরা যারা এ ঢাকা শহরে বসবাস করি, আমরা যারা এ বাংলাদেশের নাগরিক, এটি আমাদের দেশ, এটি আমাদের শহর, এটা বুঝতে হবে। অবশ্যই সিটি করপোরেশনের কাজ আছে, সেটি তারা করবে। সিটি করপোরেশনের যেসব পরিচ্ছন্নতা কর্মী আছে উনারা কাজ করছেন, উনারা পরিষ্কার করছেন। কিন্তু শহরের নাগরিক হিসেবে প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে যে আমরা যতটুকু সম্ভব কম ময়লা করব। তাহলে শহরটি পরিষ্কার থাকবে।

ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার ওপরে গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এ শহর পরিষ্কার থাকলে আপনাদের সকলের হাঁটা চলার যেরকম সুবিধা হবে, আমাদের কাছে পরিবেশটাও ভালো হবে। একইভাবে পরিচ্ছন্নতাকর্মী যারা আছে, তাদের পক্ষেও সুবিধা হবে শহরকে আরো বেশি পরিচ্ছন্ন করে রাখা।
বস্ত্র ও খাবার বিতরণ করে সরকারপ্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কীভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে স্বচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কর্মসংস্থান তৈরি করা, শিক্ষা সুবিধা তৈরির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করবে।
সেই সঙ্গে শহরের বিত্তবানদেরও এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিক হিসেবে, এ শহরের নাগরিক হিসেবে সচ্ছল ব্যক্তিবর্গ যারা আছেন, তারাও যদি একইভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুতই আমাদের এ দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারব, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের ভাগ্য এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করেছেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজেই সে জনগণের সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সঙ্গে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ সরকার দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































