Apan Desh | আপন দেশ

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল ৪ দিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৮, ৩০ মে ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল ৪ দিন

ফাইল ছবি

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের সময় আরও চার দিন বাড়ানো হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু অসুস্থ হয়ে পড়লে একে একে ছয়জনেরই মৃত্যু হয়। সেদিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সভাপতি, স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালককে (হাসপাতাল-১) সদস্য সচিব ও অধিদফতরের সহকারী পরিচালককে (আইন শাখা) সদস্য হিসেবে রেখে এ কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

কমিটিকে তিন দিনের মধ্যে শিশুদের মুত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সে হিসাবে আজ শনিবার কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। সে সময় আরও বাড়ল চার দিন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে হাসপাতালের ওই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতক ছাড়াও ছিলেন ১১ জন প্রসূতি। ঠান্ডা লাগলে জানিয়ে গভীর রাতে এক মা সেখানকার এসি বন্ধ রাখতে বলেন। তার অনুরোধে নার্স ঘণ্টাখানেকের জন্য এসি বন্ধ রেখে পরে আবার চালু করেন। পরে ভোরের দিকে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। সেখান থেকে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেয়া হলেও অসুস্থতা কমেনি। বরং একে একে সবগুলো শিশুরই মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান ওই দিন গণমাধ্যমকে বলেন, চিকিৎসাজনিত কোনো জটিলতায় নয়, কোনো এক কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

অধিদফতর সূত্র বলছে, চিকিৎসা অব্যবস্থাপনা, কারিগরি ত্রুটি ও গ্যাস লিকেজের সম্ভাবনাকে প্রাধান্য দিয়ে এ ঘটনার তদন্ত চলছে।

এদিকে মৃত ওই ছয় নাবজাতকের মধ্যে একজনের বাবা অবহেলার অভিযোগ তুলে রাজধানীর রমনা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আইনি নোটিশ দিয়েছেন। নোটিশে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ও আদ-দ্বীন হাসপাতালের পরিচালককে বিবাদী করা হয়েছে।

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়